দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের দক্ষিণ লেবাননে সামরিক হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। একই সময়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। ইরান বলছে, লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা লঙ্ঘিত হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার রাতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে পৌঁছান ইরানের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে রোববার সকালে সেখানে পৌঁছান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে উপস্থিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরও। চলমান সংঘাতের পুরো সময়জুড়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি আলোচনার আয়োজনও করেছিল দেশটি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে ইসলামাবাদ।
সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেডি ভ্যান্স বলেন, পারমাণবিক কর্মসূচি এবং লেবানন যুদ্ধবিরতি ইস্যুতে অগ্রগতি অর্জনের আশা করছেন তিনি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনায় তেহরান যুক্তরাষ্ট্রের কাছে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাবে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধ এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনার অঙ্গীকার করা হয়।
তবে পরিস্থিতিকে জটিল করে তুলেছে লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ। শনিবার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং সংগঠনটির কয়েক ডজন সদস্য নিহত হয়েছে। একই সঙ্গে চার ইসরায়েলি সেনার মৃত্যুর কথাও জানিয়েছে তারা।
যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার উভয় পক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের কথা জানানো হলেও উত্তেজনা পুরোপুরি থামেনি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এ কারণে এবং যুক্তরাষ্ট্র চুক্তির প্রথম ধারা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ওই ধারায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ করে না।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালি দিয়ে ৫৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যেগুলোতে বৈশ্বিক বাজারের জন্য এক কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল পরিবহন করা হয়েছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন হয়। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের হিসাবে, এর বার্ষিক বাণিজ্যিক মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার।
/অ